নবীন ছাত্রের জন্য হল রাজনীতির ‘প্রথম পাঠ’
ছাত্র একজন। কিন্তু ছাত্রলীগের দুই পক্ষই তাঁকে হলে উঠিয়ে বাহাদুরি নিতে চায়। পরিণামে বাধল সংঘর্ষ। এভাবেই হলকেন্দ্রিক অসুস্থ ছাত্ররাজনীতির চেহারাটি খুব কাছ থেকে দেখেছেন বিশ্ববিদ্যালয়ের এক নবাগত শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাষ্ট্রবিজ্ঞান প্রথম বিভাগের এক নবীন ছাত্র ভর্তি-প্রক্রিয়া সম্পন্ন করতে জিয়া হলে গেলে তাঁকে হলে ওঠাতে চান হল শাখা ছাত্রলীগের সভাপতি রিফাত হোসেনের পক্ষের কর্মী হাসান (মার্কেটিং বিভাগ তৃতীয় সেমিস্টার)। অন্যদিকে বিভাগের ছোট ভাই—এ দাবিতে ছাত্রটিকে তাঁর দিকে টানতে চেষ্টা করেন সাধারণ সম্পাদক সাইফুর রহমানের পক্ষের কর্মী রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টারের ছাত্র বুরহান।পরে বুরহান ও তাঁর বন্ধুরা মিলে কলাভবনের সামনে হাসানকে মারধর করেন। হাসানকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে রিফাতের কর্মীরা রড, হকিস্টিক নিয়ে সাইফুরের পক্ষের কর্মীদের ধাওয়া দেয়। সহকারী প্রক্টর আমজাদ আলী বলেন, ‘টিএসসিতে লাইনে দাঁড়ানো এবং হলে ছাত্র ওঠানো—এই দুই কারণে ঘটনা ঘটেছে বলে আমরা শুনেছি। এ বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’