সারিয়াকান্দি সরকারি উচ্চবিদ্যালয়ের ১০০ বছর পূর্তি
নবীন-প্রবীণের মিলনমেলায় ভালোবাসা, উচ্ছ্বাসের খেলা

বগুড়ার সারিয়াকান্দি সরকারি উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তিতে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বসেছিল নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলা। দীর্ঘদিন পর সতীর্থদের পেয়ে অনেকেই চোখ ভিজিয়েছেন আনন্দাশ্রুতে, অনেকে মেতেছেন উচ্ছ্বাসে।
যমুনার ভাঙনকবলিত পিছিয়ে পড়া এই জনপদে আধুনিক শিক্ষার আলো ছড়াতে স্থানীয় শিক্ষানুরাগীদের প্রচেষ্টায় ১৯১৭ সালে ১ একর ২৩ শতক জমির ওপর সারিয়াকান্দি ইংলিশ হাইস্কুল প্রতিষ্ঠিত হয়। শুরুতে এখানে ছাত্রছাত্রীদের সহশিক্ষাব্যবস্থা ছিল। ১৯৬৮ সালে সারিয়াকান্দি বালিকা উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা হলে এ বিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়। তখন শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম হয় সারিয়াকান্দি বালক উচ্চবিদ্যালয়। ১৯৮৭ সালে বিদ্যালয়টি সরকারীকরণ করা হয়। তখন থেকে এটি সারিয়াকান্দি সরকারি উচ্চবিদ্যালয় নামে পরিচিতি লাভ করে।
দীর্ঘ পথপরিক্রমায় গতকাল বিদ্যালয়ে আয়োজিত শতবর্ষপূর্তিতে নবীন-প্রবীণ শিক্ষার্থীর মিলনমেলায় বয়ে যায় আনন্দের বন্যা। উৎসবকে ঘিরে বিদ্যালয় ছাড়াও সামনের বাজার ও সড়ক আলোকসজ্জা ও বর্ণিল সাজে সাজানো হয়। নবীন-প্রবীণ শিক্ষার্থীদের স্মৃতিকথা এবং পুরোনো দিনের ছবি নিয়ে বের করা হয় শতাব্দীর দীপশিখা নামে স্মরণিকা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, এক্সিম ব্যাংকের পরিচালক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাংসদ আবদুল মান্নান। সকালে জাতীয় পতাকা উত্তোলন, শতবর্ষ উৎসবের পতাকা এবং পায়রা ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন তিনি। পরে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদর প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে দীর্ঘদিন পর পুরোনো সহপাঠী-সতীর্থদের কাছে পেয়ে আবেগময় এক পরিবেশ তৈরি হয়। একে অন্যকে বুকে জড়িয়ে ধরেন তাঁরা।
দুপুরের দিকে উৎসব মঞ্চে শুরু হয় স্মৃতিচারণা পর্ব। শতবর্ষপূর্তি উদ্যাপন কমিটির সভাপতি এবং সরকারের সাবেক সচিব আবদুর রহিমের সভাপতিত্বে এ পর্বে বিদ্যালয়কে ঘিরে শৈশব স্মৃতি তুলে ধরেন ১৯৬৯-এর ব্যাচের শিক্ষার্থী এবং সাংসদ আবদুল মান্নান। তিনি বলেন, ‘এ বিদ্যালয়েই পড়ে আছে আমার দুরন্ত শৈশব। এ বিদ্যালয়ের প্রাক্তন অনেক শিক্ষার্থী নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের নজির সৃষ্টি করেছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে এলাকার জন্য, দেশের জন্য তাঁরা কাজ করেছেন। প্রতিষ্ঠানে সুশিক্ষার ধারা অব্যাহত রাখতে হবে। নবীন শিক্ষার্থীদের সুশিক্ষিত হয়ে এলাকার জন্য কাজ করতে হবে। ভালো কাজ দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাংসদপত্নী ও সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান।
স্মৃতিচারণা করেন এস এম জহুরুল হক, আবদুস সালাম, এস এম খবিরুজ্জামান বাদশা, জাহিদুল করিম, লিয়াকত আলী, এস এম রেজাউল করিম, মুনজিল আলী সরকার, ছদরুল আনাম, অরুণাংশ কুমার সাহা, রেজাউল করিম প্রমুখ। বিকেলে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বগুড়ার ‘আমরা কজন শিল্পীগোষ্ঠী’ নৃত্যনাট্য পরিবেশন করে।