নবীন প্রোগ্রামারের খোঁজে
বিশ্বব্যাপী বাড়ছে প্রোগ্রামারদের চাহিদা। সে তুলনায় আমরা পিছিয়ে। প্রতিবছর অনেক শিক্ষার্থী কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে পাস করে বের হলেও তাঁদের মধ্যে প্রোগ্রামার হচ্ছে হাতে গোনা। এ জন্য ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে কোডিং ও প্রোগ্রামিংয়ে আগ্রহ তৈরির লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘আন্তস্কুল ও কলেজ প্রোগ্রামিং কনটেস্ট ২০১৭’। ১৭ মার্চ যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে আউটসবুক ও চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়।
বেলা দুইটায় চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয় প্রতিযোগিতা। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ১৪টি বিদ্যালয়, ৮টি কলেজ ও ৫টি বিশ্ববিদ্যালয়ের ১০৩ জন শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতায় বিদ্যালয়ে আট, কলেজে তিন ও বিশ্ববিদ্যালয়পর্যায়ে তিনজন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। সেরা হয় চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও লোহাগাড়ার ছিববাড়ি এম এ মোতালেব কলেজ। এ ছাড়া টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আহমেদ ও চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের মিসকাতুল জান্নাতকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
সন্ধ্যা ছয়টায় ছিল পুরস্কার বিতরণী পর্ব। এতে প্রধান অতিথি ছিলেন চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহফুজুল হক চৌধুরী। চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও কম্পিউটারবিজ্ঞান স্কুলের ডিন মো. রেজাউল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন রাশেদ মোস্তফা, হানিফ সিদ্দিকী, শাহীন মো. ফারুক, হেলাল উদ্দিন, হাসনাইন আহমেদ, পরাগ পাল, ইফতেখার আহমেদ, মো. ফাহিম আবরার ও সামি আহমেদ। পুরস্কার বিতরণী পর্ব সঞ্চালনা করেন সৈয়দ মো. মিনহাজ হোসাইন।