নবীনগর ও ঈশ্বরগঞ্জে টর্নেডোতে ৪০০ ঘরবাড়ি বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার আকস্মিক টর্নেডোতে অর্ধশত দোকানপাটসহ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে এক নারীসহ পাঁচজন আহত হয়েছেন। এদিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গতকাল বিকেলে টর্নেডোতে দুটি ইউনিয়নের সাতটি গ্রামের তিন শতাধিক কাঁচাপাকা ঘর বিধ্বস্ত ও ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে ।নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রউফ জানান, গতকাল দুপুরে উপজেলার জিনোদপুর, হুরুয়া, কড়ইবাড়ি, কাইতলা, বিটঘরসহ বিভিন্ন স্থানে টর্নেডো আঘাত হানে। এতে জিনোদপুর বাজারের অর্ধশত দোকানপাট বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া শতাধিক গাছপালা এবং আরও প্রায় অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। আহত ব্যক্তিদের মধ্যে অবসরপ্রাপ্ত সেনাসদস্য নজরুল ইসলাম (৫০), নবী হোসেন (৩৫) ও জোবেদা খাতুনকে (৫০) নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক জোবেদা খাতুনকে ঢাকায় পাঠিয়ে দেন। ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকরাম হোসেন বলেন, গতকাল আচমকা বয়ে যাওয়া টর্নেডোতে আঠারবাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর, কালান্দর ও পাড়া খালবালা এবং সরিষা ইউনিয়নের মারোয়াখালি, খুর্শিপাড়া, মাছিমপুর, ও এনায়েতপুর গ্রামের তিন শতাধিক কাঁচা ঘরবাড়িসহ ফলদ ও বনজ গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে সোহাগ (৭), ফয়সাল (১১) ও রাসেল (৬) নামের তিন শিশুকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।