নবীনগর ও কসবায় ঝড়ে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি, নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গত সোমবার কালবৈশাখীর আঘাতে চার শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও বিধ্বস্ত হয়েছে। এতে একজন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছেন। একই দিনে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঝড়ে দুই ইউনিয়নের সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
উপজেলা পরিষদ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, কালবৈশাখী নবীনগর পৌর এলাকাসহ উপজেলার সাতটি ইউনিয়নে আঘাত হানে। এর মধ্যে কাইতলা উত্তর ও দক্ষিণ, বিটঘর, শিবপুর, ইব্রাহিমপুর, নবীনগর পূর্ব ও সদরসহ অন্তত ২০টি গ্রামের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও বিধ্বস্ত হয়। এ ছাড়া উপজেলার বিভিন্ন জায়গায় থাকা পল্লী বিদ্যুতের ৩৫টি খুঁটি ভেঙে পড়ে। পল্লী বিদ্যুতের বিভিন্ন জায়গায় দুই কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ঝড়ে উড়ে যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, রাত সাড়ে আটটার দিকে ঝড়ে দেয়াল ভেঙে নবীনগর পৌর এলাকার নারায়ণপুরের আবদুল মান্নান (৬০) নামের একজন মারা যান। এ ছাড়া ৩৫ জনের বেশি আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু শাহেদ চৌধুরী জানান, ক্ষয়ক্ষতির তালিকা করতে ইতিমধ্যে পৌর এলাকাসহ ছয়টি ইউনিয়ন তিনি পরিদর্শন করেছেন।
নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) বিনয় চন্দ্র পাল বলেন, পুরো উপজেলা বিদ্যুৎহীন হলেও আপাতত উপজেলা সদরে বিদ্যুৎ দেওয়ার জন্য কাজ করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন জানান, নিহত ব্যক্তির পরিবারসহ ক্ষতিগ্রস্ত মানুষের একটি তালিকা করে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
কসবায় সোমবার রাতে ঝড়ে দুই ইউনিয়নের ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি ৫৫টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে, বিপর্যস্ত হয়েছে ছয় কিলোমিটার বিদ্যুৎ লাইন। গাছপালাও ভেঙে পড়েছে। এতে তিনলাখপীর-চারগাছ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আটটার দিকে ঝড়ে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি ও মান্দারপুর গ্রামের পাঁচ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়। আর মূলগ্রাম ইউনিয়নের চারগাছ, শেরপুর, জয়পুর, বাহাদুরপুরসহ ১০টি গ্রামের ছয় শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, বড় বড় গাছ পড়ে চারগাছ সড়কে যোগাযোগ বন্ধ রয়েছে। হাতুড়াবাড়ি গ্রামের আশু মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর তিনটি ঘরই বিধ্বস্ত হয়েছে। একই গ্রামের মমিন মিয়া জানান, ঝড়ে তাঁর টিনের ঘরটি কোথায় উড়ে গেছে তা বলতে পারেন না।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ ছাল্লাল বলেন, কসবার দুটি ইউনিয়নের জন্য চার মেট্রিক টন এবং নবীনগর উপজেলার জন্য পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আর আর্থিক অনুদান দেওয়ার প্রক্রিয়া চলছে।
গতকাল মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ ছাল্লাল, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছুল হক ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলাম, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব রাশেদুল কায়সার ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।