নবীনগর ও কসবায় ডাকাত আতঙ্ক, রাতে পাহারা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও কসবা উপজেলার বিভিন্ন গ্রামে ডাকাত-আতঙ্ক দেখা দিয়েছে। গ্রামের লোকজন রাত জেগে লাঠি আর বাঁশি নিয়ে পাহারা দিচ্ছে। কসবার গ্রামে সভা-সমাবেশ হচ্ছে। পুলিশ বলছে, গুজব ছড়ানো হচ্ছে। গত শনি ও রোববার সরেজমিনে জানা গেছে, নবীনগরের শ্রীরামপুর ইউনিয়নের রেজতপুর গ্রামে গত ১৯ মে রাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতেরা হানা দেয়। এ সময় এক গৃহবধূ ধর্ষণের শিকার হন এবং তাঁর দুই বছরের শিশুপুত্রকে হত্যা করা হয়। এ ঘটনার পর থেকেই ডাকাত-আতঙ্ক ছড়িয়ে পড়ে। ২২ মে শ্যামগ্রাম ইউনিয়নের জল্লি গ্রামে অবিদ মিয়ার বাড়িতে আবারও ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা ওই বাড়ির দুই ছেলেকে কুপিয়ে জখম করে।শ্যামগ্রাম ইউপির চেয়ারম্যান নাছির উদ্দিন সরকার বলেন, এ দুটি ডাকাতির ঘটনার পর দুই সপ্তাহ ধরে এলাকার প্রতিটি গ্রামে ডাকাত-আতঙ্কে লোকজন সারা রাত পাহারা দিচ্ছে। সোমবার সন্ধ্যায় জল্লি গ্রামে আবারও দুটি বাড়িতে ডাকাত দল হানা দেয়; কিন্তু পাহারাদারদের প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত তারা পালিয়ে যায়। ঢাকা থেকে জল্লিকান্দি গ্রামে বেড়াতে আসা বাদল দেবনাথ ও রতন দেবনাথ নামের দুই ভাই জানান, রোববার শ্বশুরবাড়িতে সপরিবারে বেড়াতে এসেছিলেন। কিন্তু সেদিন রাত ১০টার দিকে গ্রামে ডাকাতের আগমন টের পেয়ে স্থানীয় পুলিশ পাহারায় তাঁরা পরিবার নিয়ে ওই রাতেই গ্রাম ছেড়ে চলে যান। শাহবাজপুর গ্রামের বাসিন্দা ঢাকার সাংবাদিক আনিছ আহমেদ বলেন, ‘শনিবার সপরিবারে গ্রামে বেড়াতে গিয়েছিলাম। কিন্তু ডাকাত-আতঙ্কে দুই রাত নির্ঘুম কাটিয়ে ঢাকায় ফিরেছি।’ শনি ও রোববার রাতে এলাকার শ্যামগ্রাম, শাহবাজপুর, নোয়াগ্রাম, বানিয়াচং, বাড্ডা, মাঝিয়ারা, রসুল্লাবাদ গ্রামে সরেজমিনে ঘুরে রাত জেগে লোকজনকে পাহারা দিতে দেখা গেছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর বলেন, ‘কিছু লোক পরিকল্পিতভাবে এসব আতঙ্ক ছড়াচ্ছে। এর পরও প্রতি রাতে গ্রামের লোকজনের পাশাপাশি একাধিক পুলিশের দল এখন বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে।’ অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ‘বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ দল কাজ করছে। তিন দিন আগে পুলিশ পাশের বাঞ্ছারামপুর থেকে ছয় ডাকাতকে ধরেছে। পুলিশের পাশাপাশি জনতাও রাত জেগে পাহারা দেওয়ায় আমরা তাদের ধন্যবাদ জানাই।’ নবীনগরের রেজতপুর গ্রামের ডাকাতির ঘটনার পর পাশের কসবা উপজেলার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কসবা পৌর এলাকার আড়াইবাড়ী গ্রামের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ১ জুন বিকেলে বৈঠক করে। কসবা টি আলী ডিগ্রি কলেজ মাঠে পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল হাসেমের সভাপতিত্বে এ বৈঠক হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার কুটি ইউনিয়ন পরিষদের কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বৈঠক করেছে। কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাদিরের সভাপতিত্বে ওই বৈঠকে বক্তৃতা করেন কসবা থানার ওসি গাজী মো. শাখাওয়াত হোসেন। কুটির জাজিয়ারা গ্রামের উজ্জ্বল মুলক বলেন, এলাকার লোকজন ডাকাত-আতঙ্কে রয়েছে। রাত জেগে পুরো গ্রামের লোকজন নিয়ে পাহারা বসানো হয়েছে। বাদৈর ইউনিয়নের শিকারপুর গ্রামের বাসিন্দা মেজর (অব.) নাছির উদ্দিন জানান, শনিবার দিবাগত রাতে বিল থেকে শুরু করে আশপাশের এলাকায় লাইট জ্বালিয়ে ডাকাত ধরার চেষ্টা করে সাধারণ লোকজন। কিন্তু ডাকাত খুঁজে পায়নি। ওসি গাজী মো. শাখাওয়াত হোসেন জানান, ডাকাত ও মেয়েদের ওপর হামলার ঘটনা গুজব। এ পর্যন্ত কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। একশ্রেণীর লোক এ ধরনের বিভ্রান্তিকর গুজব ছড়াচ্ছে।