নবীনগর ও শ্রীপুরে সরস্বতী প্রতিমা ভাঙচুর
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও গাজীপুরের শ্রীপুরে গত মঙ্গলবার রাতে সরস্বতী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় নবীনগরে পুরোহিতকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ এক যুবককে আটক করেছে।
জানা গেছে, নবীনগরের শ্যামগ্রামের উত্তরপাড়ার পুরোহিত প্রাণতোষ গোস্বামীর (৬৫) বাড়িতে মঙ্গলবার রাতে সরস্বতী পূজা চলছিল। রাত ১১টার দিকে ওই পাড়ার যাদব দাস, তাপস উদাসী, খোকন সরকার ও শামীম মিয়ার নেতৃত্বে কয়েকজন যুবক ওই বাড়িতে গিয়ে পুরোহিতের ছেলে বিশ্বজিৎ গোস্বামীকে (১৮) মারধর শুরু করেন। এ সময় পুরোহিত প্রাণতোষ গোস্বামী ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে ওই যুবকেরা তাঁকেও লাঠি দিয়ে পেটান। একপর্যায়ে বাড়ির সরস্বতী মূর্তিটি ভেঙে ফেলা হয়।
নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু শাহেদ চৌধুরী ও নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পেয়ার আহমেদ গতকাল বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন। সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সফিউর রহমান গতকাল সন্ধ্যায় জনান, প্রতিমা ভাঙচুরের ঘটনায় খোকন সরকার (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলার বরমী বাজারে সরস্বতী পূজা শেষে মঙ্গলবার রাত ১১টার দিকে সবাই চলে যায়। এ সময় সংগীতকর্মী রাজু আহমেদ ও আনোয়ারুল ওই মণ্ডপে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে সাত-আটজনের একদল মুখোশধারী দুর্বৃত্ত হামলা চালিয়ে সরস্বতী প্রতিমা ভাঙচুর করে। এ সময় রাজু ও আনোয়ারুল তাদের প্রতিহত করার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁদের এলোপাতাড়ি মারধর করে পালিয়ে যায়। এতে দুজন গুরুতর আহত হন।
সরস্বতী পূজামণ্ডপের সভাপতি সুশান্ত সাহা জানান, দুর্বৃত্তরা হামলা চালিয়ে মূর্তির মাথা, হাতসহ বিভিন্ন অংশ ভেঙে ছেলেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।