নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে ডাকাতি আহত ২
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে শনিবার সন্ধ্যারাতে ‘প্রান্তিক’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। ডাকাতদের দায়ের কোপে সাবেক এক ইউপি চেয়ারম্যান ও বাসের ড্রাইভার আহত হয়েছেন। গুরুতর আহত ড্রাইভারকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লায় পাঠানো হয়েছে।প্রান্তিক পরিবহনের সুপারভাইজার ইব্রাহিম মিয়া ডাকাতির ঘটনার বর্ণনা দিয়ে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নবীনগরগামী ‘প্রান্তিক’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস শনিবার রাত আনুমানিক সোয়া ১১টার দিকে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের জিনোদপুরের কাছে এসে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ১৫-১৬ জন মুখোশ পরা সশস্ত্র ডাকাত রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বাসটি থামায়। পরে তারা গাড়িতে থাকা যাত্রীদের সর্বস্ব লুটে নেয়।এ সময় ডাকাতদের হামলায় বাসের যাত্রী জিনোদপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবদুর রউফ (৫৫) আহত হন। চেয়ারম্যানকে বাঁচাতে এসে ডাকাতদের দায়ের কোপে বাসের ড্রাইভার নবীনগরের জল্লা গ্রামের শাহীন মিয়া (৪০) গুরুতর আহত হন। পরে রাতেই তাঁকে হাসপাতালে পাঠানো হয়।