ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চবিদ্যালয়ের সামনের সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। সামান্য বৃষ্টিতেই পৌর শহরে প্রবেশের প্রধান এই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরেজমিনে দেখা যায়, নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের নবীনগর পাইলট উচ্চবিদ্যালয়ের সামনের প্রায় ২০০ মিটার অংশের পিচ, কার্পেটিং ও পাথর উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে সামান্য বৃষ্টিতেই সড়কের এই অংশে পানি আর কাদা জমে জনসাধারণ ও যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।নবীনগর পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আবুল হোসেন, আবদুল কাইয়ুমসহ কয়েকজন শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ের সামনের এ সড়কটি এক বছরেরও বেশি সময় ধরে বেহাল পড়ে আছে। এতে প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াতের সময় শিক্ষক ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মোস্তাফিজুর রহমান ও এনামুল হক চৌধুরী নামে স্থানীয় দুই বাসিন্দা জানান, এই সড়কটি দিয়ে প্রতিদিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা চলাচল করেন। অথচ জনদুর্ভোগের বিষয়টি কেন তাঁদের চোখে কেন পড়ছে না, তা বোধগম্য নয়। নবীনগর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুল ইসলাম বলেন, ‘সড়কটি মূলত সওজের। এটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বারবার তাগাদা দেওয়া হচ্ছে। সওজ কর্তৃপক্ষ কয়েক দিন আগে সামান্য কিছু ইট আর বালু ফেলে সড়কটির অবস্থা আরও নাজুক করেছে।’ সওজের স্থানীয় উপসহকারী প্রকৌশলী আবু তাহের বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য দরপত্র আহ্বানের বিষয়টি প্রক্রিয়াধীন। আশা করি, মানুষের দুর্ভোগ লাগব হবে।’