নবীনগর বালিয়াডাঙ্গী কলারোয়ায় তিন খুন
সাতক্ষীরার কলারোয়া, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তিনজন খুন হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সাতক্ষীরা: কলারোয়া উপজেলার পাঁচনল গ্রামে গত রোববার রাতে স্ত্রীর হাতে স্বামী খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম নূর মোহম্মদ (৪২)। এ ঘটনায় নূর মোহাম্মাদের বাবা আবদুল খালেক তাঁর পুত্রবধূ শাফলা বেগমকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পুলিশ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাফলাকে গ্রেপ্তার করেছে।আবদুল খালেক জানান, শাফলার সঙ্গে প্রতিবেশী এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। ওই তরুণের সহযোগিতায় শাফলা ঘুমন্ত অবস্থায় তাঁর স্বামী নূর মোহাম্মদকে শ্বাসরোধে করে হত্যা করেছেন।ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল মাহাতপাড়া গ্রামের ইদ্রিস আলীর (৬০) বখাটে ছেলে মুজাহারুল প্রায়ই বাবার কাছ থেকে টাকা নিয়ে বেহিসাবি খরচ করতেন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে বাবার কাছে টাকা চাইলে তিনি টাকা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে মুজাহারুল তাঁর বাবার মাথায় কোদাল দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলেই ইদ্রিস আলী মারা যান। এলাকাবাসী মুজাহারুলকে পুলিশে সোপর্দ করেছে। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজগর আলী জানান, এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানায় মামলা হয়েছে।নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীপুর গ্রামের মালেক মিয়ার ছেলে সিরাজ মিয়া ২০ হাজার টাকা যৌতুকের দাবিতে গত শনিবার রাতে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী সাইনুর বেগমকে (১৮) বেদম মারধর করেন। মারধরের একপর্যায়ে সাইনুর মৃত্যুর কোলে ঢলে পড়লে শ্বশুরবাড়ির লোকজন লাশ ফাঁসিতে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। নবীনগর থানার পুলিশ রোববার সকালে লাশ উদ্ধার করে। নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহাম্মেদ মোল্লা জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।