নবীনগর বিএনপির সম্পাদক বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মলাই মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত শনিবার রাতে তাঁকে বহিষ্কার করা হয়।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ মার্চ অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে দল থেকে উপজেলা বিএনপির সভাপতি সফিকুল ইসলামকে চেয়ারম্যান পদে সমর্থন দেওয়া হয়। কিন্তু দলের সাধারণ সম্পাদক মলাই মিয়া দলীয় সিদ্ধান্ত না মেনে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে লড়াইয়ে অবতীর্ণ হন। এ পরিপ্রেক্ষিতে শনিবার রাতে জেলা বিএনপি এক জরুরি সভায় মলাই মিয়াকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, ‘মলাই মিয়াকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে দলের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়। তার পরও তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তে অটল থাকেন। বাধ্য হয়ে তাঁকে বহিষ্কার করা হয়েছে।’
তবে মলাই মিয়া বলেন, ‘৩৩ বছর ধরে সুখে-দুঃখে দলের পাশে আছি। তাই আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি মহল জেলা বিএনপির ওপর চাপ সৃষ্টি করে তাঁদের দিয়ে আমাকে বহিষ্কার করিয়েছে।’