ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চরলাপাং এলাকায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে চারজনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়ালিউল হাসান গত শনিবার এ রায় দেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুর জেলার কমলনগরের আলী আকবর, নরসিংদীর রায়পুরা উপজেলার সওদারকান্দি এলাকার ফায়েজ উদ্দিন, নরসিংদী সদরের নেকজানপুর এলাকার আবদুর রাজ্জাক ও কাজীরকান্দি এলাকার বাবুল মিয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেঘনা নদীর উত্তর ও দক্ষিণ অংশে অবস্থিত চরলাপাং গ্রামের কাছ থেকে দুটি বড় খননযন্ত্র (ড্রেজার) দিয়ে বালু তোলা হচ্ছিল। ওই এলাকায় বালু তোলার কোনো অনুমতি নেই। অবৈধভাবে বালু তোলার কারণে গ্রামটি বিলীন হওয়ার হুমকিতে পড়ে। স্থানীয় লোকজনের মাধ্যমে বিষয়টি জানতে পেরে গত শনিবার দুপুরে নবীনগর থানা-পুলিশ সেখানে অভিযান চালিয়ে চার ব্যক্তিকে আটক করে। সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়ালিউল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের সাত দিনের কারাদণ্ডের আদেশ দেন।
ওয়ালিউল হাসান বলেন, নবীনগরের চরলাপাং মৌজায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে ওই চারজনের সাজা দেওয়া হয়েছে।