নবীনগরে অর্পিত সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের পশু হাসপাতাল সড়কের পাশে প্রায় ৮৮ শতক আয়তনের একটি সরকারি পুকুর (অর্পিত সম্পত্তি) স্থানীয় প্রভাবশালী মহল জাল দলিলের মাধ্যমে দখলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে গত সোমবার সহকারী কমিশনারের (ভূমি) কাছে এলাকাবাসীর পক্ষে আবেদন করা হয়েছে। ওই আবেদনে অভিযোগ করা হয়, পাঁচ কোটি টাকা মূল্যের ৮৮ শতকের ওই সরকারি সম্পত্তিটি (পুকুর) অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও ওই পুকুরের চারপাশে বসবাসরত কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জাল দলিল ও ইজারা নিয়ে মালিকানা দাবি করে আসছেন। তাঁরা পুকুরটি ভরাটের চেষ্টা করছেন।পুকুরটির বেশির ভাগ অংশের মালিকানা দাবিদার আবদুল আলীম প্রথম আলোকে বলেন, ‘পুকুরের ৫৯ শতক জায়গা আমার প্রয়াত বাবা ১৯৬৫ সালে জনৈক ললিত মোহন দাসের কাছ থেকে কিনেছিলেন। কিন্তু ওই ৫৯ শতক জায়গাসহ পুকুরের সর্বমোট ৮৮ শতক জায়গা ১৯৯০ সালে ভুলবশত অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত হয়ে যায়। পরে আমরা সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করে একাধিকবার আমাদের পক্ষে মালিকানা রায় পাই। সর্বশেষ ১৯৯৬ সালে সর্বোচ্চ আদালত থেকেও ওই জায়গার মালিক হিসেবে আমাদের পক্ষে রায় দেওয়া হয়। তাই মালিক হিসেবে পুকুর ভরাটের উদ্যোগ নিয়েছি।’পুকুরটির পূর্ব পাশের বাসিন্দা শেখ মো. শামসুল হক বলেন, ‘অর্পিত সম্পত্তি হিসেবে সরকারের কাছ থেকে আমরা ৮৮ শতকের মধ্যে ২৭ শতক বৈধভাবে ইজারা নিয়েছি। তবে ইজারার শর্ত অনুযায়ী আমরা কখনো এ জায়গা ভরাট করব না।’নবীনগরের সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ কুমার সিংহ বলেন, ‘আবেদনের বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখা হবে। তবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’