নবীনগরে আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের নেতা জাকির আহাম্মদকে (গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত ও অগ্রণী ব্যাংক লিমিটেডের সদ্য অব্যাহতি পাওয়া পরিচালক) প্রধান আসামি করে গত মঙ্গলবার রাতে নবীনগর থানায় একটি মামলা হয়েছে। হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ এনে উপজেলার লাউর ফতেপুর গ্রামের মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বাদী হয়ে আওয়ামী লীগের ওই নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলাটি করেন। পুলিশ ওই রাতেই জামাল মিয়া (৪০) নামের এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। মামলার এজাহারে বলা হয়, উপজেলার লাউর ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে ১৬ ডিসেম্বর ওই ইউনিয়নের আওয়ামী লীগের নেতা জাকির আহাম্মদের নেতৃত্বে সন্ত্রাসীরা স্থানীয় মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাদীসহ কমপক্ষে ১০ জনকে কুপিয়ে গুরুতর আহত করে। একই সঙ্গে বাদীর বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করে ৫০ লাখ টাকার ক্ষতিসাধন করা হয়। তবে মামলার প্রধান আসামি আইনজীবী জাকির আহাম্মদ বলেন, ‘রাজনৈতিকভাবে ঘায়েল করতেই আমার বিরুদ্ধে এসব অসত্য অভিযোগ আনা হয়েছে। সুষ্ঠু তদন্ত হলেই মামলাটি মিথ্যা প্রমাণিত হবে।’ নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।