নবীনগরে আ.লীগ নেত্রী হত্যায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবীনগরের আওয়ামী লীগ নেত্রী স্বপ্না আক্তার হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি-প্রথম আলো।
নবীনগরের আওয়ামী লীগ নেত্রী স্বপ্না আক্তার হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি-প্রথম আলো।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্ন আক্তার হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন আবু জাহের (৩২) ও সাঈদ মিয়া (৩৫)। এ নিয়ে এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২২ নভেম্বর সন্ধ্যায় উপজেলার সাতমোড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন শেষে ফেরার পথে খুন হন স্বপ্না। এ ঘটনায় স্বপ্নার ভাই গত বৃহস্পতিবার একটি হত্যা মামলা দায়ের করেন।

গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কড়ইবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আবু জাহেরকে এবং আজ রোববার দুপুর ১২টার দিকে সাঈদকে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকার পাহাড় থেকে গ্রেপ্তার করা হয়। আবু জাহেরকে স্বপ্না হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আবু জাহের নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামের দক্ষিণপাড়া এলাকার এবং সাঈদ একই ইউনিয়নের চারপাড়া গ্রামের বাসিন্দা। স্বপ্না হত্যার মামলার এজাহারে সন্দেহভাজন অভিযুক্তদের তালিকার পাঁচ নম্বরে সাঈদের নাম উল্লেখ রয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত স্বপ্না হত্যা মামলায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামে গ্রেপ্তার হওয়া সাঈদকে নবীনগর নিয়ে আসা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন প্রথম আলোকে বলেন, বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে স্বপ্না হত্যায় আবু জাহের সম্পৃক্ত আছেন বলে ধারণা করা হচ্ছে। প্রায় আড়াই বছর আগে স্বপ্নার ওপর আবু জাহের হামলা চালিয়েছিল বলে স্বপ্নার পরিবার ও বিভিন্ন সূত্রে জানা গেছে। তা ছাড়া স্বপ্নার বিরোধীপক্ষের লোকজনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে। ভাড়াটিয়া মাস্তান হিসেবে তাঁর ব্যাপক পরিচিত রয়েছে। অস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় তাঁর ত্রাসের রাজত্ব রয়েছে বলে পুলিশ বিভিন্ন সূত্রে জানতে পেরেছে। এসব কারণে তাঁকে সর্বোচ্চ সন্দেহভাজনের তালিকায় রাখা হয়েছে।

এদিকে আজ বেলা ১১টার দিকে স্বপ্না হত্যার প্রতিবাদে নবীনগর উপজেলা ডাকবাংলো সড়কের লঞ্চঘাট চত্বর এলাকায় উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।