নবীনগরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌর আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে গতকাল বুধবার দুই পক্ষের সংঘর্ষে চার পুলিশসহ ১০ জন আহত হয়েছেন।আহত ব্যক্তিরা হলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ, এসআই সাদেকুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) আলী আশরাফ, কনস্টেবল সফিকুল ইসলাম, পথচারী নান্নু মিয়া, আওয়ামী লীগের কর্মী রফিকুল ইসলাম ও নূরে আলম।যুবলীগের নেতা শফিকুল ইসলাম, এসআই হারুন, নূরে আলম ও রফিকুল ইসলামকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্য দুজনের নাম জানা যায়নি। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ১৮ ফেব্রুয়ারি নবীনগর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবদুর রউফ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক বোরহানউদ্দিনের কমিটি ভেঙে দিয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন পৌর কমিটি গঠন করেন। গতকাল দুপুর ১২টার দিকে শফিকুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল নবীনগর ডাকবাংলোয় পৌঁছালে অপর পক্ষ মিছিলে হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। জেলা পরিষদ মার্কেট, সমবায় মার্েকট ও আশপাশের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে পুলিশসহ ১০ জন আহত হন। বোরহান উদ্দিন বলেন, ‘আমার কমিটির বৈধতা রয়েছে। নতুন কমিটির কোনো বৈধতা নেই। কারণ এই কমিটি অনুমোদনের এখতিয়ার উপজেলা আওয়ামী লীগের নেই।’ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবদুর রউফ বলেন, পৌর কমিটির কার্যক্রম স্থবির ও নিষ্ক্রিয় থাকায় নতুন পৌর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।