নবীনগরে আচরণবিধি লঙ্ঘন, চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক চেয়ারম্যান পদপ্রার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা ও রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার করায় ক্ষমা চাওয়ানো হয়েছে। গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে ওই প্রার্থীকে জরিমানাসহ ক্ষমা চাওয়ানো হয়।উপজেলা প্রশাসন জানায়, উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল হক বুধবার দুপুরে বিভিন্ন প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেয়ে ইব্রাহিমপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে যান। সেখানে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইব্রাহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবু মুসার (তালা প্রতীক) একাধিক পোস্টার সাঁটানো অবস্থায় দেখতে পান। এ সময় রিটার্নিং কর্মকর্তা সাঁটানো পোস্টারগুলোর ছবি ক্যামেরাবন্দী করতে গেলে আবু মুসা তাঁর দলবল নিয়ে তাঁকে (রিটার্নিং কর্মকর্তা) ঘিরে ধরেন। অভিযোগ পাওয়া গেছে, ওই সময় আবু মুসা রিটার্নিং কর্মকর্তাকে অশ্রাব্য ভাষায় গালাগালিসহ দুর্ব্যবহার করেন।মো. শহীদুল হক বলেন, বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে ইউএনও সামছুল ইসলামকে জানান। পরে রাতে ইউএনও কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে আবু মুসা তাঁর সঙ্গে দুর্ব্যবহারের জন্য ক্ষমা চান। এ ছাড়া আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁকে ওই জরিমানা করা হয়।আবু মুসা বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা এলাকায় এসে বিভিন্ন স্থানে লাগানো পোস্টারগুলোর ছবি তুলতে চাইলে কিছু উত্তেজিত ছেলের সঙ্গে উনার বাগিবতণ্ডা হয়। পরে এ নিয়ে আমার সঙ্গেও উনার সামান্য কথা-কাটাকাটি হয়।’