নবীনগরে আবার ডাকাতি, গণপিটুনিতে দুজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আলী আকবরের বাড়িতে ডাকাতি হয়। তবে পালানোর সময় গ্রামবাসী তিনজনকে আটক করে পিটুনি দেয়। এতে দুজনের মৃত্যু হয়।নিহত ডাকাতেরা হলেন রসুল্লাবাদ গ্রামের তাজুল ইসলাম (৩২) ও পার্শ্ববর্তী শ্রীরামপুর গ্রামের সোলায়মান (৩০)। গ্রামবাসীর হাতে আটক টিটন দেব (৩০) একই গ্রামের বিজয় দেবের ছেলে। নবীনগর থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে দুজনের লাশ উদ্ধার করে এবং টিটনকে আটক করে থানায় নিয়ে যায়।এলাকাবাসী জানান, রসুল্লাবাদ গ্রামের পূর্বপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবরের বাড়িতে বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ১৫ থেকে ২০ জন সশস্ত্র ডাকাত হানা দেয়। তারা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এ সময় বাড়ির লোকজন ‘ডাকাত’ বলে চিৎকার শুরু করলে আশপাশের শত শত লোক লাঠিসোঁটা নিয়ে ছুটে আসে। ডাকাতেরা একাধিক ককটেল ফাটিয়ে পালানোর চেষ্টা করলেও এলাকাবাসী ধাওয়া করে তিনজনকে আটক করে পিটুনি দেয়। অন্যরা পালিয়ে যায়। আটক ডাকাতদের মধ্যে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।আওয়ামী লীগ নেতা আলী আকবর, শফিকুল ইসলামসহ একাধিক ব্যক্তি প্রথম আলোকে বলেন, গণপিটুনিতে নিহত হওয়ার আগে ডাকাতেরা তাদের নেতা হিসেবে গ্রামের প্রভাবশালী খন্দকার এনামুল হকের নাম শত শত মানুষের সামনে বলে গেছে।রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে আমিও গ্রামবাসীর মুখে এ ধরনের অভিযোগ শুনেছি। লোকজন না কি নিহত ডাকাতদের বক্তব্য মোবাইল ফোনে রেকর্ডও করেছে। এ বিষয়ে করণীয় নির্ধারণে গতকাল বিকেলে গ্রামে সর্বদলীয় সভা হয়।’ তবে খন্দকার এনামুল হক অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গতবার আমি ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম, এবারও করব। এলাকায় আমার ভাবমূর্তি নষ্ট করতে একটি চক্র পরিকল্পিতভাবে এসব ছড়াচ্ছে। ডাকাতির সঙ্গে আমার জড়িত থাকার প্রশ্নই ওঠে না। তবে নিহত তাজুল ইসলাম আমাদের বাড়ির মাজারে নিয়মিত আসত।’