নবীনগরে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ, ১২ পুলিশসহ আহত শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাড্ডা ও বাঞ্ছারামপুরের দরিকান্দি গ্রামের বাসিন্দাদের মধ্যে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। গতকাল রোববারের এ সংঘর্ষে নবীনগর ও বাঞ্ছারামপুর থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১২ পুলিশ সদস্য ও উভয় গ্রামের শতাধিক লোক আহত হয়েছেন। এ সময় বাঞ্ছারামপুর উপজেলার জীবনগঞ্জ বাজারের কমপক্ষে ২৫টি দোকানে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত শনিবারের সংঘর্ষের জের ধরে বাড্ডা ও দরিকান্দি গ্রামের শত শত লোক দেশীয় অস্ত্রশস্ত্র্ত্রে সজ্জিত হয়ে গতকাল বেলা ১১টার দিকে জীবনগঞ্জ বাজারে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। এ সুযোগে উভয় গ্রামের লোকজন বাজারের ২৫টি দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। বেলা সাড়ে ১১টার দিকে বাজারের দুটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রায় চার ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ উভয় গ্রামের শতাধিক লোক আহত হয়। এদের মধ্যে টেঁটাবিদ্ধ উভয় পক্ষের কমপক্ষে ৪০ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ খান, নবীনগর ও বাঞ্ছারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। এ সময় পুলিশ সদস্যরা কাঁদানে গ্যাসের বেশ কয়েকটি শেল ও শটগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনেন। পরে আর্মড পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়।দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে নবীনগর থানার ওসি ও বাঞ্ছারামপুর থানার ওসিসহ (তদন্ত) কমপক্ষে ১২ পুলিশ সদস্য আহত হন। আহত ব্যক্তিরা হলেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা, উপপরিদর্শক (এসআই) ফিরোজ মোল্লা, এএসআই মো. আশরাফ, বাঞ্ছারামপুর থানার ওসি (তদন্ত) এ কে এম ইকবাল, এসআই আনোয়ারুল ইসলাম, এসআই কামরুজ্জামান তালুকদার, এসআই কৃষ্ণ কুমার দাস, কনস্টেবল সুমন বড়ুয়া, আবদুর রহমান, শাহাদাৎ হোসেন ও হাবিলদার মো. রফিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ নয়টি ফাঁকা গুলি এবং কাঁদানে গ্যাসের সাতটি শেল নিক্ষেপ করে। গুরুতর আহতাবস্থায় এসআই কামরুজ্জামানকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। জীবনগঞ্জ বাজারের দরিকান্দি বস্ত্র বিতানের মালিক সরাজ মিয়া অভিযোগ করে বলেন, ‘সংঘর্ষ চলাকালে তাঁর দোকান থেকে প্রায় সাত লাখ টাকার কাপড় লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।’ বাজারের মান্নান রাইস এন্টারপ্রাইজের মালিক আবদুল মান্নান অভিযোগ করেন, তাঁর দোকান থেকে সাড়ে আট লাখ টাকার চাল, নগদ ২ লাখ টাকা ও দোকানে থাকা অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে হামলাকারীরা। সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) নিকুলিন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, শনিবারের মতো রোববারও শত শত মানুষের এ সংঘর্ষ থামাতে গিয়ে দুই থানার ওসিসহ কমপক্ষে ১২ জন পুলিশ জখম হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।বাঞ্ছারামপুরের দরিকান্দি বাড্ডা আস্মাতুন্নেছা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শনিবার দুপুরে চেয়ারে বসা নিয়ে নবীনগর উপজেলার বাড্ডা ও বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি গ্রামের কয়েকজন ছেলের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে উভয় গ্রামের বেশ কিছু লোক সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুই থানার তিনজন পুলিশ কর্মকর্তা, চারজন কনস্টেবল ও উভয় গ্রামের অর্ধশতাধিক লোক আহত হয়।