ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস নদীতে সোমবার সন্ধ্যায় দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে আরেক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মো. আলী আকবর (৩৮) নামে ওই ব্যক্তি দুর্ঘটনায় নিখোঁজ ছিলেন। তিনি নবীনগর ভূমি কার্যালয়ের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) ছিলেন। ওই দুর্ঘটনায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি নবীনগরের প্রধান আঞ্চলিক ব্যবস্থাপক মন্টু কুমার দেবনাথ (৪৮) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অপর পাঁচজনের মধ্যে দুজনকে ঢাকায় পাঠানো হয়। পুলিশ বাদী হয়ে দুটি স্পিডবোটের মালিক ও চালকের বিরুদ্ধে মঙ্গলবার নবীনগর থানায় মামলা করেছেন। প্রশাসনের নির্দেশে দুর্ঘটনার পর নবীনগর থেকে বিভিন্ন নৌপথের প্রায় অর্ধশত স্পিডবোট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।