নবীনগরে আরও একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রামে গৃহবধূ মণি কর্মকারের ওপর পৈশাচিক নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত শনিবার পুলিশ শফিক মিয়া ওরফে শইফ্যা ডাকাইত (৩২) নামের আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, গ্রেপ্তার হওয়া শফিক এলাকার চিহ্নিত অপরাধী। চুরি-ডাকাতিসহ বর্তমানে তিনি তিনটি মামলার আসামি। আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ নিয়ে এ মামলায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো। উপজেলার শ্যামগ্রামে গত ২৪ আগস্ট রাত দুইটার দিকে একদল দুর্বৃত্ত দরিদ্র নয়ন কর্মকারের ঘরে ঢুকে তাঁর স্ত্রী মণি কর্মকারকে (২০) ধর্ষণে ব্যর্থ হয়ে তাঁর গোপনাঙ্গে উপর্যুপরি ছুরি চালিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় গৃহবধূর স্বামী নয়ন কর্মকার গত ২ সেপ্টেম্বর নবীনগর থানায় একটি মামলা করেন। পুলিশ গত ৮ সেপ্টেম্বর এলাকার জাহের মিয়া (৩০) ও ২৭ সেপ্টেম্বর রতন উদাসী (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করে।