নবীনগরে উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দলিল নিবন্ধনে ভোগান্তি
‘বেলা ১১টায় আইছি ভাই, এখন বাজে সন্ধ্যা ছয়টা। এখনো মানুষের যে ভিড় দেখতাছি, তাতে শেষমেশ আইজ দলিলডা রেজিস্ট্রি করে যাইতে পারুম কি না আল্লাই জানে।’ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে উপজেলার মাঝিয়ারা গ্রামের ইসমাইল হোসেন গত মঙ্গলবার এ কথাগুলো বলেন।এ সময় পাশেই দাঁড়ানো ছিলেন উপজেলার কাইতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহরাওয়ার্দী চৌধুরী। তিনি বলেন, ‘এ কার্যালয়ে একজন স্থায়ী সাব-রেজিস্ট্রার না থাকায় উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা লোকজনকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। আমি নিজেও দলিল রেজিস্ট্রি করতে দুপুর থেকে লাইনে আছি।’খোঁজ নিয়ে জানা গেছে, নবীনগর উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দুই বছরেরও বেশি সময় ধরে স্থায়ী সাব-রেজিস্ট্রার নেই। জেলার অন্যান্য উপজেলা থেকে সাব-রেজিস্ট্রাররা এখানে সপ্তাহে এক-দুই দিন অতিরিক্ত দায়িত্ব পালন করেন। এতে এখানে জমির দলিল নিবন্ধন করতে এসে লোকজন দুর্ভোগ পোহায়।নবীনগর দলিল লেখক সমিতির সভাপতি বারীক মিয়া ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন জানান, এখানে স্থায়ীভাবে একজন সাব-রেজিস্ট্রার নিয়োগ দেওয়ার জন্য দুই বছর ধরে সংশ্লিষ্ট সব দপ্তরে যোগাযোগ করা হয়েছে। কিন্তু আজও এ সমস্যার সমাধান হয়নি।ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাংসদ শাহ জিকরুল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এখানে স্থায়ীভাবে একজন সাব-রেজিস্ট্রার নিয়োগ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে একাধিকবার কথা বলেছি। আজও (বুধবার) এ বিষয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। মন্ত্রী আশ্বস্ত করেছেন, শিগগিরই নবীনগরে একজন সাব-রেজিস্ট্রার নিয়োগ করা হবে।’