নবীনগরে উৎসবমুখর ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার ১৫ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার প্রথম নির্বাচনের ভোট গ্রহণ গতকাল সোমবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

নির্বাচনে মেয়র পদে চার হাজার ৫৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাঈন উদ্দিন মইনু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শিব শংকর দাশ পেয়েছেন তিন হাজার ৯৯২ ভোট।

পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ২৭০। নির্বাচনে মেয়র পদে ১৫ জন, কাউন্সিলর পদে ৭৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গতকাল ১১টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।

নবীনগরে মাঝিকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবীনগর ইচ্ছাময়ীপাইলট বালিকা উচ্চবিদ্যালয় এবং নবীনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, সেখানে বিপুলসংখ্যক ভোটার ভোট দিতে এসেছেন। কেন্দ্র ও কেন্দ্রসংলগ্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা মমিনুল হক, শিব শংকর দাশও মাঈন উদ্দিন মইনু প্রথম আলোকে বলেন, ভোটাররা সবাই ভোটকেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছেন।

উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। কোনো ধরনের চাপ ছাড়াই নিরপেক্ষভাবে নির্বাচন হচ্ছে বলে জানান তাঁরা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা বদর-উদ-দুজা বলেন, কোনো রকমের বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এই নির্বাচন সম্পন্ন হয়েছে।