নবীনগরে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে স্ত্রী কারাগারে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় স্বামীকে হত্যার অভিযোগে মরিয়ম বেগম নামের এক গৃহবধূকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, উপজেলার ইব্রাহিমপুর গ্রামে গত ৩ অক্টোবর রাতে মরিয়ম তাঁর দেবর জসিম উদ্দিনের সহায়তায় ঘুমন্ত অবস্থায় স্বামী শফিকুল ইসলামকে শ্বাসরোধে হত্যা করেন। পরদিন শফিকুলের মৃত্যু স্বাভাবিক বলে প্রচার করে তাঁর লাশ দাফন করা হয়। পরে হত্যার বিষয়টি জানাজানি হলে নিহতের খালাতো ভাই রাজন মিয়া বাদী হয়ে ২৬ অক্টোবর জসিম, মরিয়মসহ চারজনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া মুখ্য বিচারিক হাকিম আদালতে একটি হত্যা মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফরকে নির্দেশ দেন। পরে গত বৃহস্পতিবার মরিয়মকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।এলাকাবাসীর অনেকে জানান, শফিকুলের সঙ্গে একই উপজেলার সাহেবনগর গ্রামের মরিয়মের প্রায় ছয় বছর আগে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই শফিকুল সৌদি আরব চলে যান। শফিকুলকে হত্যার পেছনে প্রেমঘটিত কোনো কারণ থাকতে পারে।নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন বলেন, মরিয়মকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। এ বিষয়ে শুনানি হবে আগামীকাল রোববার।