নবীনগরে এক মাসেও মুক্তার হত্যারহস্য উদ্ঘাটিত হয়নি
ব্রাহ্মণবাড়িয়ার নবী-নগর উপজেলার চাঞ্চল্যকর মুক্তার হোসেন হত্যা মামলার রহস্য গত এক মাসেও বের করতে পারেনি পুলিশ। আজ ১৪ জানুয়ারি মুক্তার হত্যার এক মাস পূর্তি।তবে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তারের পর চার দিনের রিমান্ডে এনেও পুলিশ তেমন কোনো তথ্য উদ্ধার করতে পারেনি।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের বাসিন্দা আবদুল মান্নানের ছেলে মুক্তার হোসেন (২৭)। গত ১৪ ডিসেম্বর রাত আনুমানিক আটটার দিকে তিনি মোটরসাইকেল নিয়ে নবীনগর পৌর বাসস্ট্যান্ড থেকে বের হন। পরে রাত নয়টার দিকে উপজেলার রসুল্লাবাদ টেম্পোস্ট্যান্ডের কাছ থেকে মুক্তারের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহত মুক্তারের ছয় মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। এ ঘটনার পরের দিন মুক্তারের বাবা বাদী হয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে, পুলিশ রসুল্লাবাদ এলাকার সালেক মিয়া (২২) নামের এক যুবককে গত ২২ ডিসেম্বর গ্রেপ্তার করে।নবীনগর থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘এই হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে। আশা করছি, শিগগিরই হত্যার রহস্য বের করতে পারব।’ মহাজোটের স্থানীয় সাংসদ শাহ জিকরুল আহমেদ এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘হত্যাকারীদের ধরতে পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছি।’