নবীনগরে এনজিওর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি বেসরকারি সংস্থার (এনজিও) বিরুদ্ধে লোভনীয় বেতনে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে খোঁজ নিয়ে ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘ডেল্টা এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট’ নামের একটি বেসরকারি সংস্থা সম্প্রতি উপজেলার ২১টি ইউনিয়নে লিফলেট আকারে ‘নিয়োগ বিজ্ঞপ্তি’ প্রচার করে। ওই বিজ্ঞপ্তিতে নবীনগর উপজেলার প্রতিটি ইউনিয়নে একজন করে এইচএসসি পাস ‘গ্রুপ অর্গানাইজার’ (পুরুষ) ও প্রতিটি ওয়ার্ডে (ইউনিয়নে নয়টি ওয়ার্ড) একজন করে এসএসসি পাস ‘ফিল্ড অফিসার’ (পুরুষ বা মহিলা) পদে লোক নিয়োগ দেওয়ার কথা বলা হয়। এতে গ্রুপ অর্গানাইজার পদে ১১ হাজার ও ফিল্ড অফিসার পদে নয় হাজার টাকা বেতন উল্লেখ করা হয়। চাকরিপ্রার্থী কয়েক শ লোক ঠিকানামতো কার্যালয়ে গিয়ে জানতে পারেন, চাকরি পেতে হলে উভয় পদের জন্য জামানত হিসেবে ওই সংস্থায় নগদ তিন হাজার ৮০০ টাকা করে জমা রাখতে হবে।চাকরিপ্রার্থী নাছিমা আক্তার বলেন, ‘জামানতসহ বায়োডাটা জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২০ এপ্রিল। কিন্তু জামানতের টাকাসহ বায়োডাটা জমা দিয়ে ওই সংস্থা সম্পর্কে মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের নেতিবাচক কথাবার্তা শুনতেছি।’ একই ধরনের অভিযোগ করেন চাকরিপ্রার্থী হাবিবুর রহমানসহ কয়েকজন।মঙ্গলবার সকালে উপজেলার কণিকাড়া গ্রামে ওই সংস্থার কার্যালয়ে গিয়ে তালা ঝুলতে দেখা যায়। এ সময় ওই সংস্থার শাখা ব্যবস্থাপক কণিকাড়া গ্রামের বাসিন্দা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী শারমীন আক্তার বলেন, ‘এ পর্যন্ত তিনি দুটি ইউনিয়নের ২০ জনের কাছ থেকে তিন হাজার ৮০০ টাকা করে নিয়ে ঢাকায় সংস্থার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে জমা দিয়েছেন।’ তিনি জানান, একটি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেখে তিনি নিজেও এ সংস্থায় জামানত হিসেবে তিন হাজার ৯৫০ টাকা জমা রেখে শাখা ব্যবস্থাপকের চাকরি পেয়েছেন। কিন্তু দুই মাসেও কোনো বেতন পাননি। পাশাপাশি লোভনীয় বেতনের আশায় ১০ হাজারের বেশি টাকা জমা রেখে তাঁর মাসহ পরিবারের একাধিক লোককে ওই দুই পদে চাকরি পেতে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। কিন্তু এখন তাঁর ধারণা, সবই ভুয়া। হয়তো কোনো প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন।মঙ্গলবার দুপুরে ওই সংস্থার এমডি জাহাঙ্গীর আলম মুঠোফোনে বলেন, ‘দেশের পরিস্থিতি বর্তমানে ভালো নয় বিধায় আমরা দুই সপ্তাহের জন্য আমাদের সংস্থার যাবতীয় কার্যক্রম আপাতত স্থগিত ঘোষণা করেছি। ইনশা আল্লাহ, দুই সপ্তাহ পর আবার এর কার্যক্রম চালু করা হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঘরে ঘরে কম টাকায় সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়াই আমাদের সংস্থার প্রধান কাজ।’ইউএনও আ ন ম নাজিম উদ্দীন বলেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্যের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।গত ৫ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘নবীনগরে ১২ লাখ টাকা নিয়ে এনজিও উধাও’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।