নবীনগরে কেন্দ্র দখল, সংঘর্ষে আহত ২৫
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কেন্দ্রে হামলা, দখল ও সংঘর্ষের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুটি ইউনিয়নের অন্তত ১০টি কেন্দ্রে এসব ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন।
সরেজমিনে দেখা গেছে, সলিমগঞ্জ ইউনিয়নের সলিমগঞ্জ এ আর এম উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১০টার দিকে নৌকা প্রতীকের সমর্থকেরা কেন্দ্র দখলের চেষ্টা চালালে স্বতন্ত্র প্রার্থী আবুল হাছানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে চেয়ারম্যান পদের অনেকগুলো ব্যালটে নৌকা প্রতীকে সিল মারা রয়েছে। প্রিসাইডিং কর্মকর্তা মো. শামীম বলেন, ‘নৌকা প্রতীকের লোকজন কেন্দ্রে হামলা চালিয়ে চেয়ারম্যান পদের কয়েকটি ব্যালট বইয়ে নৌকা প্রতীকে সিল মারেন। সিল মারা ব্যালট আমরা পরে বাদ দিয়ে দেব।’ স্বতন্ত্র প্রার্থী আবুল হাছান বলেন, ‘ছয়টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন কেন্দ্র দখল করে ভোট ছিনিয়ে নিয়ে যান। আমরা ঠেকানোর চেষ্টা করেছি, কিন্তু তাদের সঙ্গে পারা যায়নি।’
সলিমগঞ্জ ইউনিয়নের নিলখী উত্তর পাড়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে বেলা ১১টার দিকে নৌকা প্রতীকের সমর্থকেরা হামলা চালান বলে অভিযোগ করেছেন কয়েকজন প্রার্থীর এজেন্ট। মশাল প্রতীকের এজেন্ট বাহালুর হাছান, তালা প্রতীকের এজেন্ট জামাল মিয়া, মাইক প্রতীকের এজেন্ট আবদুল হক বলেন, নৌকা প্রতীক-সংবলিত গেঞ্জি পরে অর্ধশত লোক বেলা ১১টার দিকে কেন্দ্রে হামলা চালায়। এতে অন্তত সাতজন আহত হন। পরে বিজিবির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এ ঘটনায় কেন্দ্রে এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা মো. হারুনুর রশিদ।