নবীনগরে গাছ কাটার ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের টানচারা গ্রামে রাস্তা সংস্কারের নামে শতাধিক গাছ কাটার ঘটনায় আদালতে মামলা হয়েছে। এলাকার আক্কাছ আলী নামের এক ব্যক্তি বাদী হয়ে গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে এ মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্ত করার নির্দেশ দিয়েছেন। মামলায় লাউর ফতেপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফারুক আহামঞ্চদ সরকার, ইউপি সদস্য মুক্তাদির রহমানসহ চারজনকে আসামি করা হয়েছে।গাছ কাটার পর এলাকাবাসী প্রতিকার চেয়ে ১ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে তিনি সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ কুমার সিংহকে বিষয়টি তদন্ত করা নির্দেশ দেন।সন্দ্বীপ কুমার সিংহ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘ইউএনওর নির্দেশে আমি শুক্রবার সরেজমিনে ঘটনা তদন্ত করেছি। এ বিষয়ে শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’ এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ফারুক আহামঞ্চদ সরকারের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।এ বিষয়ে ‘শতাধিক গাছ কেটে নিলেন ইউপি সদস্য’ শিরোনামে ২ ফেব্রুয়ারি প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়।