ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের সাতমোড়া গ্রামে সুমতি সরকার নামের এক গৃহবধূর লাশ গত সোমবার রাতে উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, যৌতুকের জন্য শ্বশুরবাড়ির নির্যাতন ও চাপের মুখে সুমতি বিষপানে আত্মহত্যা করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে গৃহবধূ সুমতি সরকার সোমবার সন্ধ্যা সাতটার দিকে বিষ পান করেন। পরে কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। গৃহবধূ সুমতির (১৮) বাবা সুকুমার সরকার (৫৫) গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, তিনি মাছ বিক্রি করে সংসার চালান। ছয় মাস আগে এলাকাবাসীর সাহায্য নিয়ে মেয়েকে একই ইউনিয়নের সাতমোড়া গ্রামের গুরুপদ সরকারের (২৫) সঙ্গে বিয়ে দেন। তাঁর মেয়ে তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি অভিযোগ করেন, তাঁর মেয়ে যৌতুকের বলি হয়েছেন। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য সুমতিকে শ্বশুরবাড়ির লোকজন চাপ দিয়ে আসছিলেন। এ ঘটনায় সুকুমার বাদী হয়ে তাঁর মেয়ের স্বামী ও শ্বশুরসহ চারজনকে আসামি করে নবীনগর থানায় গতকাল মামলা করেছেন।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাদেকুল ইসলাম বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। এ সময় ওই বাড়ির কাউকে খুঁজে পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে মনে হয়েছে, সুমতি বিষপানে আত্মহত্যা করেছেন। তবে কী ধরনের বিষ তিনি পান করেছেন, এ ব্যাপারে এসআই নিশ্চিত করে কিছু বলতে পারেননি।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) রূপক কুমার সাহা বলেন, ময়নাতদন্তের জন্য গৃহবধূর লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।