ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন চাকরিচ্যুত ব্যাংকার চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনী আইন অমান্য করে প্রার্থী হওয়া ওই ব্যক্তির নাম আবু সাঈদ। এ বিষয়ে গত সোমবার জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আপিল করেছেন ওই ইউনিয়নের অপর চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদুর রউফ। আজ বুধবার এই আপিল আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।আবেদনে অভিযোগ করা হয়, উপজেলার জিনোদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাঙ্গরা গ্রামের আবু সাঈদ ২০০৭ সালে সোনালী ব্যাংকের মাধবপুর (হবিগঞ্জ) শাখার ব্যবস্থাপক পদে কর্মরত অবস্থায় অর্থ আত্মসাতের অভিযোগে চাকরিচ্যুত হন। ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ধারা ২৬, উপধারা ২(ঢ) অনুযায়ী (চাকরিচ্যুত হওয়ার পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার আগে কোনো ব্যক্তি প্রার্থী হওয়ার অযোগ্য) তিনি প্রার্থী হতে পারেন না। কিন্তু চাকরিচ্যুতির তথ্য গোপন করে তিনি ইউপি নির্বাচনে প্রার্থী হয়েছেন। আবেদনে আবু সাঈদের মনোনয়নপত্র বাতিলের দাবি জানানো হয়।আবেদনকারী আবদুর রউফ বলেন, ‘মনোনয়নপত্র বাছাইয়ের আগেই আমি আবু সাঈদের বিরুদ্ধে অভিযোগ এনে তাঁর প্রার্থিতা বাতিলের আবেদন করেছিলাম। কিন্তু রিটার্নিং কর্মকর্তা অজ্ঞাত কারণে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তাই সব প্রমাণপত্র জমা দিয়ে ফের আপিল করেছি।’রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘অভিযোগের কোনো তথ্য-প্রমাণ না থাকায় ওই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করি।’ চাকরিচ্যুত ব্যাংকার আবু সাঈদ বলেন, ‘এসব নির্বাচনী আইন স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রযোজ্য নয়। গত উপজেলা পরিষদ নির্বাচনেও আমি মাছ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেছি, তখন কোনো সমস্যা হয়নি।’ সোনালী ব্যাংক থেকে বরখাস্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা অভিযোগে চাকরিচ্যুত হয়েছিলাম।’ ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা-২ মো. শফিকুল আলম খান আপিল আবেদনের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘বুধবার (আজ) আপিল আবেদনের শুনানি হবে। এরপর আদেশ অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’উল্লেখ্য, জিনোদপুর ইউপি নির্বাচন আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে।