নবীনগরে চার দিন ধরে বিদ্যুতের লোডশেডিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় চার দিন ধরে বিদ্যুতের লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। এতে শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজামণ্ডপে আগত পূজার্থীদের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সঞ্চার হয়েছে।জানা গেছে, উপজেলার শতাধিক পূজামণ্ডপে এ বছর দুর্গাপূজা হচ্ছে। কিন্তু গত শনিবার থেকে এই উপজেলায় গড়ে ১৬-১৭ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকায় প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভুক্তভোগীরা জানান, গত শনিবার থেকে প্রতিদিন সকালে কিছুক্ষণ ও বিকেলে কিছুক্ষণসহ দিনের বেলায় সর্বোচ্চ দু-তিন ঘণ্টা বিদ্যুৎ থাকে। এরপর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একটানা ৮-১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকে। ফলে সন্ধ্যার পর থেকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে আসা শত শত নারী পূজার্থীদের অন্ধকার সড়কে যাতায়াতের সময় মারাত্মকভাবে ব্যাঘাত সৃষ্টি হয়। নবীনগর কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির সভাপতি সীতানাথ সূত্রধর বলেন, ‘দুর্গাপূজা চলাকালে এমন ভয়াবহ লোডশেডিং মেনে নেওয়া যায় না। বিশেষ করে, সন্ধ্যার পর গভীর রাত পর্যন্ত ভয়াবহ লোডশেডিংয়ের কারণে পূজামণ্ডপ পরিদর্শনে বিদ্যুৎহীন অন্ধকার রাস্তায় নারীদের যাতায়াতে মারাত্মক অসুবিধা হচ্ছে।’নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপমহাপরিচালক (ডিজিএম) সুশান্ত রায় বলেন, ‘আশুগঞ্জে দুটি শক্তিশালী ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় আকস্মিক এ সমস্যার সৃষ্টি হয়েছে। সমস্যা সমাধানের আপ্রাণ চেষ্টা করা হচ্ছে।’