নবীনগরে চার দিন ধরে যুবলীগ নেতা নিখোঁজ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নবীনগর পাইলট উচ্চবিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য আবদুল্লাহ আল মামুন চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর বাড়ি পৌর এলাকার নারায়ণপুর গ্রামে। এ বিষয়ে গত বুধবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরিবারের অভিযোগ, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে মামুনকে গুম করা হয়েছে। এলাকাবাসী ও পরিবার সূত্র জানায়, মামুন গত মঙ্গলবার রাত আটটার দিকে ভোলাচং বাজারে যাওয়ার কথা বলে লুঙ্গি ও শার্ট পরে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফেরেননি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি।মামুনের স্ত্রী হালিমা খাতুন অভিযোগ করে বলেন, ‘জমিজমা নিয়ে আমার স্বামীর সঙ্গে তাঁর চাচাতো ভাইদের বিরোধ চলছিল। আমার স্বামীকে প্রায়ই তাঁরা হত্যার হুমকি দিতেন। থানায় এ নিয়ে পাল্টাপাল্টি মামলাও আছে। ওই বিরোধের জের ধরেই আমার স্বামীকে গুম করা হতে পারে।’ নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, এ ঘটনায় থানায় জিডি হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।