নবীনগরে ছাত্রদলের হামলায় বিএনপির সভা পণ্ড!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ছাত্রদলের হামলায় বিএনপির একটি সভা পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল
শনিবার বিটঘর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা গেছে, বিটঘর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গতকাল সকালে ঈদ পুনর্মিলনী উপলক্ষে বিএনপি দলীয় সভার
আয়োজন করে। এতে বিএনপির স্থানীয় সাবেক সাংসদ কাজী মো. আনোয়ার হোসেন প্রধান অতিথি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সভা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ওই ইউনিয়ন ছাত্রদলের পদবঞ্চিত নেতা রুহুল আমীনের নেতৃত্বে সংগঠনের একটি
পক্ষ সভায় হামলা চালায়। হামলাকারীরা ১৫-২০টি চেয়ার ও মাইক ভাঙচুর করে। এতে আতঙ্ক সৃষ্টি হয় এবং সভা পণ্ড হয়ে যায়।
ছাত্রদলের নেতা রুহুল আমীন বলেন, ‘সাবেক সাংসদ কাজী আনোয়ারের নির্দেশে তাঁর অনুসারী ছাত্রদলের নেতারা দুই মাস আগে
আমাকে না জানিয়ে সম্পূর্ণ অবৈধভাবে বিটঘর ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করে। এর প্রতিবাদে আমরা কাজী আনোয়ারের
সভায় হামলা করে সভা পণ্ড করে দিয়েছি।’