নবীনগরে ছাত্রলীগের কর্মীকে কুপিয়ে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মনির হোসেন ওরফে হোন্ডা মনির (২৬) নামের এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই যুবক উপজেলা ছাত্রলীগের পারভেজ গ্রুপের সমর্থক ছিলেন বলে জানা গেছে।হাসপাতাল ও বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের ব্যবসায়ী জীবন বেপারীর ছেলে মনির হোসেন গত রোববার রাত আনুমানিক ১১টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের কোনাঘাটের কাছে আগে থেকে ওত পেতে থাকা পাঁচ-ছয়জন অস্ত্রধারী দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাঁকে এলাপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। একপর্যায়ে দুর্বৃত্তরা মনিরের হোন্ডাটি জ্বালিয়ে দেয়। পরে লোকজন গুরুতর আহত অবস্থায় মনিরকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁকে তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে দিবাগত রাত একটার দিকে তিনি মারা যান। নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোহামঞ্চদ ইউনুছ বলেন, ‘মনিরের মাথায় দায়ের নয়টি কোপসহ সারা শরীরে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাত ছিল। তাঁর অবস্থা আশঙ্কাজনক থাকায় আমরা তাঁকে তাৎক্ষণিকভাবে জেলা সদরে রেফার করি।’ নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক বলেন, ‘খুনের ঘটনা আমরা শুনেছি। তাই পুরো বিষয়টি জানতে এখন (সকাল নয়টা) ঘটনাস্থলে যাচ্ছি। খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ মনিরের বিরুদ্ধে থানায় কোনো মামলা আছে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মনিরকে একাধিকবার গ্রেপ্তার করে চালান করা হয়েছিল, এ কথা সত্য। তবে কোনো মামলা আছে কি না, তা রেকর্ডপত্র না দেখে এই মুহূর্তে বলতে পারব না।’