নবীনগরে ছাত্রলীগের নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর ছাত্রলীগের সভাপতি মো. মনিরুজ্জামানকে (২৫) গতকাল বুধবার সন্ধ্যায় কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এর প্রতিবাদে রাতেই তাঁর গ্রামের লোকজন হামলাকারীর বাড়ি পুড়িয়ে দেয়। ভাঙচুর করে আশপাশের ৮-১০টি বাড়িঘর।মনিরুজ্জামান উপজেলা সদরের বগডহর গ্রামের আবুল বাশারের ছেলে। পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, পূর্ববিরোধের জের ধরে উপজেলা সদরের শেখ বাড়ির ছোটন মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা সন্ধ্যা সোয়া সাতটার দিকে সদরের পশ্চিম পাড়ায় ছাত্রলীগের নেতা মনিরুজ্জামানকে কুপিয়ে গুরুতর জখম করেন। মনিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ সংবাদ ছড়িয়ে পড়লে বগডহর গ্রামের শতাধিক ক্ষুব্ধ লোক লাঠিসোঁটা নিয়ে পৌর শহরে মিছিল বের করে ‘হরতাল, হরতাল’ স্লোগান দেয়। এ সময় আতঙ্কে নবীনগর বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। ক্ষুব্ধ লোকজন ছোটনের বাড়ির দুটি টিনের ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। ভাঙচুর করে ওই বাড়ির আশপাশের ৮-১০টি বাড়িতে। এ সময় ছবি তুলতে গেলে দৈনিক আমার দেশ-এর স্থানীয় প্রতিনিধি জালাল উদ্দিনের ওপর হামলা চালায় ক্ষুব্ধ লোকজন। পরে জালালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, মনিরুজ্জামানের মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে।শেখ বাড়ির লোকেরা অভিযোগ করেন, ‘প্রায় এক ঘণ্টা ধরে হামলা চলাকালে বারবার ফোন করে পুলিশের সহায়তা চাওয়া হলেও পুলিশের কোনো সহায়তা পাওয়া যায়নি।’মনিরুজ্জামানের চাচা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মলাই মিয়া রাতে বলেন, ‘প্রশাসন ছোটনসহ অন্য হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে। এ কারণে আমরা এখনই হরতালের কথা ভাবছি না।’ নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর প্রথম আলোকে বলেন, পুলিশ শুরু থেকেই ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। এর পরও পুলিশের সংখ্যা কম থাকায় ক্ষুব্ধ লোকজন হামলাকারীর বাড়িতে আগুন দেওয়াসহ চার-পাঁচটি বাড়িঘরে হামলা করেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।ওসি বলেন, ছোটন চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী। কিছুদিন আগে তিনি একটি মামলায় জামিনে মুক্তি পেয়েছেন।