নবীনগরে ছেলেদের হাতে বাবা খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামে গত বুধবার রাতে আবুল হাশেম মোল্লা (৫০) নামের এক ব্যক্তি নৃশংসভাবে খুন হয়েছেন।পুলিশ বলছে, পারিবারিক কলহের জের ধরে নিজের তিন ছেলের হাতে খুন হয়েছেন আবুল হাশেম মোল্লা। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল বৃহস্পতিবার সকালে মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তির ভাই আবদুল হক মোল্লা বাদী হয়ে গতকাল বিকেলে ওই তিন ছেলেকে আসামি করে মামলা করেছেন। ছেলেরা হলেন: আনোয়ার হোসেন (২৫), জাকির হোসেন (২২) ও কবীর হোসেন (১৮)।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আবুল হাশেম মোল্লা সার ব্যবসায়ী ছিলেন। ঘটনার দিন বুধবার রাত সাড়ে নয়টার দিকে ওই সার ব্যবসায়ীর বাড়িতে হইচই শুনে আশপাশের লোকজন গিয়ে তাঁর লাশ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে শিবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ উদ্ধারকারী শিবপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মোরশেদ ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে বোঝা গেছে, পারিবারিক কলহের জের ধরেই তিন ছেলে পরিকল্পিতভাবে তাঁদের বাবাকে কুপিয়ে হত্যা করেছেন। ঘটনার পর থেকে ছেলেরা পলাতক।