নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে বলে জানিয়েছে থানা-পুলিশ।গতকাল বুধবার রাত আটটার দিকে উপজেলার সাতমোড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ডাকাত দলের সদস্যরা হলেন রসুল্লাহবাদ ইউনিয়নের গ্রামের মৃত আবু তাহেরের ছেলে খন্দকার আবদুল হক (৪৫) ও একই উপজেলার শিবপুর ইউনিয়নের কাজলিয়া গ্রামের মৃত জারু মিয়ার ছেলে মো. ইয়াছিন (৪০) নামে দুই ডাকাত নিহত হয়েছেন।
নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ ও সাতমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ রানা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত আটটার দিকে উপজেলার সাতমোড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সেন্টু মিয়ার বাড়ি ১০ থেকে ১৫ জনের একদল ডাকাত সদস্য ডাকাতির উদ্দেশ্যে হামলা চালায়। এসময় বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয় লোকজন ডাকাত দলের সদস্যদের ধাওয়া দেয়। স্থানীয় লোকজনের ধাওয়ায় অন্য ডাকাত সদস্যরা পালিয়ে গেলেও আবুদল হক ও মো. ইয়াছিন গণপিটুনির শিকার হয়েছেন। গণপিটুনি শেষে স্থানীয় লোকজন তাদের গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে তাঁরা নবীনগর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আশঙ্কাজনক অবস্থায় ডাকাত দুই সদস্যকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সেখানে কর্তব্যরত চিকিৎস তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে এনামুল হকের বিরুদ্ধে নবীনগর থানায় ডাকাতি ও মাদক নয়টি মামলা রয়েছে। এসব মামলায় অভিযোগপত্র নবীনগর থানা পুলিশের কাছে রয়েছে। এনামুল মাদক ও ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত বলে পুলিশ জানায়।
নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ প্রথম আলোকে বলেন, এনামুল হকের বিরুদ্ধে নয়টি মামলার নথি আমাদের হাতে রয়েছে। এসব মামলার চার্জশিটও হয়েছে। এনামুল নবীনগর উপজেলায় ক্লোরোফরম ব্যবহার করে ডাকাতি করতো। অপর ডাকাত সদস্য ইয়াছিনের বিরুদ্ধে মামলা আছে কি না এ বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।