নবীনগরে ডাকাতের সঙ্গে পুলিশের গুলি বিনিময়, গ্রেপ্তার ৩
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত রোববার ভোররাতে একদল ডাকাতের সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়েছে। উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের ভৈরবনগর গ্রামে এ ঘটনা ঘটে। তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বোমা, পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।পুলিশ জানায়, ভৈরবনগর গ্রামে রোববার ভোর রাতে ২০-২৫ জন ডাকাতের একটি দল ইঞ্জিনচালিত নৌকায় করে বিলের মধ্য দিয়ে ডাকাতির উদ্দেশ্যে যাচ্ছিল। খবর পেয়ে নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ট্রলার নিয়ে তাদের ধাওয়া করে। এ সময় ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ ও গুলি ছুড়তে শুরু করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের গুলিবিনিময়ের প্রায় আধাঘণ্টা পর ডাকাতেরা পানিতে ঝাঁপিয়ে পড়ে পালাতে থাকে। এ সময় পুলিশ তিন ডাকাতকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন ভৈরবনগর গ্রামের সহিদ মিয়া (২২), কুড়িঘর গ্রামের রফিকুল ইসলাম (২৫) ও কসবার শিমরাইল গ্রামের লিটন মিয়া (৩০)।ডাকাতদের নৌকা থেকে পুলিশ পাঁচটি বোমা, দুটি গুলি, একটি পিস্তল, রামদা, কিরিচ, গান পাউডারসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। রোববারের ঘটনায় তাদের বিরুদ্ধে পুলিশ ডাকাতিসহ পৃথক তিনটি মামলা করেছে। গতকাল সোমবার জিজ্ঞাসাবাদের জন্য তাদের আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।