নবীনগরে ডাকাতের হামলা গৃহবধূ ধর্ষিত ও শিশু খুন!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রেজতপুর গ্রামে গত শনিবার দিবাগত রাতে প্রবাসীর বাড়িতে ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটেছে। ওই সময় ডাকাতদের হাতে দুই বছরের শিশু প্রাণ হারিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে জেলা মর্গে পাঠিয়েছে। অন্যদিকে ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রেজতপুর গ্রামের মালয়েশিয়া-প্রবাসীর বাড়িতে শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ৮-১০ জন সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের লোকজনকে বেঁধে ফেলে। একপর্যায়ে ডাকাতেরা গৃহকর্তার পুত্রবধূকে (২০) ধর্ষণ করে। এ সময় পুত্রবধূর দুই বছর বয়সী ছেলে ফরহাদ (২) চিৎকার-চেঁচামেচি শুরু করলে ডাকাতেরা শিশুটিকে গলা টিপে হত্যা করে নির্বিঘ্নে পালিয়ে যায়।গৃহকর্তার স্ত্রী (৫৫) বলেন, ‘ডাকাইতরা ঘর থাইক্যা ৬০ হাজার টাকা, কয়েক ভরি স্বর্ণালংকার, তিনটি মোবাইল ফোনসহ দুই লক্ষাধিক টাকার মামলামাল লুট কইরা নিয়া গেছে। ডাকাইতরা একপর্যায়ে আমার পুতের বউয়ের ওপর অত্যাচার করে। হেই সময় আমার দুই বছরের নাতিডা চিল্ল্লাচিল্লি করলে ডাকাইতরা তারে গলা টিপ্পা মাইরা ফেলায়ছে।’নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু জাফর গতকাল সকালে ঘটনাস্থল ঘুরে এসে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে নবীনগর থানায় মামলা হয়েছে।’উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত মেডিকেল কর্মকর্তা মাহাবুব হাসান বলেন, ‘প্রাথমিক অবস্থায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। ধর্ষিতার অবস্থার অবনতি হওয়ায় জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ গতকাল দুপুর সাড়ে ১২টায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া ধর্ষিতা গৃহবধূকে দেখে এসে প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। ইতিমধ্যে পুলিশের একাধিক দল অপরাধীদের গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছে। আশা করি, শিগগিরই অপরাধীরা ধরা পড়বে।’