নবীনগরে ডায়রিয়ার প্রকোপ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় হঠাৎ করে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ছয় দিনে কমপক্ষে ৬০ জন ডায়রিয়ার রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ঈদের দিন থেকে আজ (শনিবার) দুপুর পর্যন্ত ছয় দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০ জন ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে শনিবারই শিশুসহ ছয়জন ভর্তি হয়। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় গিয়ে ডায়রিয়ায় আক্রান্ত একাধিক রোগীকে হাসপাতালের বারান্দায়ও চিকিৎসা নিতে দেখা যায়। বর্ষার পানি হঠাৎ কমে যাওয়ায় গ্রামাঞ্চলের মানুষ নোংরা পানি ব্যবহার করায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্ট্রি খাতার তালিকা অনুযায়ী, ১৯ আগস্ট ছয়জন, ২০ আগস্ট তিনজন, ২১ আগস্ট ১২ জন, ২২ আগস্ট ১৩ জন, ২৩ আগস্ট ১২ জন, ২৪ আগস্ট আটজন ও ২৫ আগস্ট ছয়জন ডায়রিয়ার রোগী এখানে ভর্তি হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদেক মিয়া জানান, ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে ঠিক। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসা চলছে। পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন মজুদ রয়েছে।