নবীনগরে তুচ্ছ ঘটনায় একজন খুন, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল রোববার তুচ্ছ ঘটনা নিয়ে হামলায় এক ব্যক্তি খুন ও দুজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার কৃষ্ণনগর গ্রামের পশ্চিম পাড়ার আবদুল আউয়ালের রান্নাঘরে গতকাল ভোরে তাঁর স্ত্রী নাশতা তৈরি করছিলেন। এ সময় চুলার ধোঁয়ায় বিরক্ত হন প্রতিবেশী নাজির হোসেন। ধোঁয়া বন্ধ করা নিয়ে আউয়াল ও নাজিরের মধ্যে তর্ক হয়। এর জের ধরে সকাল সাতটার দিকে নাজির ঘর থেকে ধারালো অস্ত্র এনে আউয়ালের (৪৫) বুকে আঘাত করেন। আউয়ালকে বাঁচাতে তাঁর ছোট ভাই সুলতান মিয়া (৪০) ও সুলতানের স্ত্রী আলেয়া বেগম (৩০) ছুটে এলে নাজির তাঁদেরও কুপিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এখানে চিকিত্সকেরা আউয়ালকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নাজির হোসেন (৩০), তাঁর স্ত্রী ডলি বেগম (২৪), বাবা নান্টু মিয়া (৬০) ও মা হনুফা খাতুনকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।