নবীনগরে থানার ভেতর দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক আসামিকে গ্রেপ্তারের পর আদালতে হাজির না করার ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ভেতর গতকাল বুধবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় একপক্ষ থানার পাশে দুটি দোকান ভাঙচুর করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে আটক করেছে।প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলা সদরের ডাকবাংলো সড়কের একটি দোকানে গত সোমবার হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে সন্ত্রাসীরা। এ ঘটনায় দোকানের মালিক রায়হান আলী ওই দিন রাতে নবীনগর থানায় মামলা করেন। পুলিশ রাতেই মামলার আসামি উপজেলা সদরের কলেজপাড়ার টিপুকে (২৪) গ্রেপ্তার করে। কিন্তু তাঁকে আদালতে হাজির করেনি পুলিশ।পুলিশ সমঝোতার মাধ্যমে টিপুকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে অভিযোগে ওই দোকানমালিকের পক্ষে শতাধিক যুবক গতকাল বেলা ১২টার দিকে থানায় যান ভারপ্রাপ্ত কর্মকর্তাকে স্মারকলিপি দিতে। এ সময় আগে থেকে থানায় অবস্থান করা টিপুর পক্ষের লোকজনের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা ও সংঘর্ষ বেধে যায়। পুলিশ দুই পক্ষকে ধাওয়া করলে দোকানমালিকের পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে থানার পাশে সমবায় মার্কেটে হামলা চালায়। ভাঙচুর করা হয় সেঞ্চুরি টেইলার্স ও চিশতিয়া শাড়ি বিতান নামে দুটি দোকানে। এ সময় আশপাশের সব দোকান বন্ধ হয়ে যায়।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, সংঘর্ষের ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ওরফে রাফিসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তবে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মামলার তদন্ত কর্মকর্তা নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আওয়াল জানান, টিপুকে গতকাল বিকেলে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।