নবীনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। স্পিডবোটে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। পুলিশ ১০টি ফাঁকা গুলি ও ছয়টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে নবীনগরের স্পিডবোট ঘাটে স্পিডবোটে যাত্রী ওঠানো নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মলাই মিয়ার ভাই বিল্লাল হোসেনের সঙ্গে স্পিডবোট মালিক পৌর ছাত্রদলের সভাপতি আশরাফ হোসেনের বাগিবতণ্ডা হয়। এর জের ধরে বিল্লালের গ্রাম বগডহর ও আশরাফের গ্রাম মাঝিকাড়ার শত শত লোক লাঠিসোঁটা, রামদা ও হকিস্টিক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ১০ জন আহত হন। গুরুতর আহত আনু মিয়া, জামাল মিয়া ও নাজমুল আলমকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁদের ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় পাঠানো হয়। সংঘর্ষের সময় বগডহর গ্রামের ব্যবসায়ী আবু সাঈদের একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে কয়েকজন যুবক আগ্নেয়াস্ত্র দিয়ে প্রতিপক্ষের ওপর গুলি ছোড়েন। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সফিউর রহমান ও নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফরের নেতৃত্বে ২০-২৫ জন পুলিশ ঘটনাস্থলে এসে ১০টি ফাঁকা গুলি ও ছয়টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আবু জাফর গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।