নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাজিমাবাদ গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় ৩০-৩৫টি বাড়িঘর ভাঙচুর করা হয়। এদিকে এ ঘটনায় এক ব্যক্তিকে আটকের প্রতিবাদে বিক্ষুব্ধ লোকজন নবীনগর-কোম্পানীগঞ্জ সড়ক অবরোধ করে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হরমুজ সর্দার ও নুরু মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল দুপুরে গ্রামের একটি বিলে বাঁধ তৈরিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ছয়জনকে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের সময় কমপক্ষে ৩০-৩৫টি বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে নবীনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ একপর্যায়ে ঘটনাস্থল থেকে ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা ও ইব্রাহিমপুর উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি দুলাল সরকারকে আটক করে। এ খবরে গ্রামের বিক্ষুব্ধ লোকজন সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত নবীনগর-কোম্পানীগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ দুলাল সরকারকে ছেড়ে দিলে বিক্ষুব্ধ লোকজন অবরোধ তুলে নেয়।