নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে রবিউল আলম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে অর্ধশতাধিক ব্যক্তি।গতকাল শনিবার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে শতাধিক বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা থেকে দাঙ্গা পুলিশ এনে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের সরকার বাড়ি ও আজর বাড়ির লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে গতকাল সকালে আজর গোষ্ঠীর লোকজন সরকার বাড়ির লোকজনের ওপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত ঘটে। উভয় পক্ষের কয়েক শ লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সরকার বাড়ির সমর্থক রবিউল আলম নিহত হন। আহত হয় উভয় পক্ষের অর্ধশতাধিক লোক। আহত ব্যক্তিদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেল পাঁচটার দিকে নবীনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ও টিয়ার শেল ছোড়ে। নিহত রবিউলের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।