নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে যুব জোটের নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর গ্রামে গতকাল সোমবার দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। নিহত জাহাঙ্গীর আলম জাসদের সহযোগীসংগঠন জাতীয় যুব জোটের কৃষ্ণনগর ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন।এদিকে, সিলেটের বিয়ানীবাজারের কাকরদিয়া গ্রামে গতকাল প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে কৃষ্ণনগর গ্রামের শাফিলাল মিয়া ও কাজল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে গ্রামের কান্দাপাড়ায় সংঘর্ষে লিপ্ত হয়। একপর্যায়ে শাফিলালের পক্ষের লোকজন কাজলের পক্ষের নুরু সর্দারের বাড়িতে হামলা চালায়। হামলায় নুরু সর্দার (৬৫) ও তাঁর ছেলে জাহাঙ্গীর আলম (৩০) গুরুতর আহত হন। জাহাঙ্গীরকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। নুরু সর্দার বর্তমানে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। হামলা ও সংঘর্ষের ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক জানান, ময়নাতদন্তের জন্য জাহাঙ্গীরের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।জাসদের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ও স্থানীয় সাংসদ শাহ জিকরুল আহমেদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করতে স্থানীয় পুলিশকে নির্দেশ দিয়েছেন।এলাকাবাসী সূত্র জানায়, বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া গ্রামের নাছির উদ্দিন, গৌছ উদ্দিন, সুলতান উদ্দিন, রফিক উদ্দিন, ফখর উদ্দিন ও আবদুল কাদিরসহ কয়েকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গ্রামের মছনুর রহমানের (৪৫) বাড়িতে গিয়ে তাঁর ওপর হামলা চালায়। আহত মছনুরকে সিলেট নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় আহত জছনুর রহমান, মজনুর রহমান ও রিছনুর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পূর্ব শত্রুতার জের ধরে মছনুরের ওপর হামলা চালানো হয় বলে জানা যায়।