ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে গতকাল শুক্রবার দুপুরে জায়গা-সম্পত্তির বিরোধের জের ধরে দুই সংখ্যালঘু পরিবারের লোকজনের মধ্যে সংঘটিত সংঘর্ষে একজন নিহত ও উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা সদরের পঞ্চবটী এলাকার বাসিন্দা বাবুর্চি নান্টু বিশ্বাস ও প্রতিবেশী শম্ভু বিশ্বাসের মধ্যে ২৫ শতক সম্পত্তি নিয়ে তিন বছর ধরে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে গতকাল বেলা দুইটার দিকে উভয় পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে শম্ভু বিশ্বাসের লোকজন নান্টু বিশ্বাসের ছোট ভাই অমূল্য বিশ্বাসকে (৫৫) দা দিয়ে কোপালে তিনি ঘটনাস্থলেই নিহত হন।সংঘর্ষে আহত পাঁচজনের মধ্যে নান্টু বিশ্বাস (৬৫), তাঁর স্ত্রী সাধনা বিশ্বাস (৫৫) ও মেয়ে প্রিয়াঙ্কা বিশ্বাসকে (১৬) নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং প্রতিপক্ষ শম্ভু বিশ্বাসের চাচাতো ভাই গোপাল বিশ্বাস (৫৫) ও রাশু বিশ্বাসকে (৫০) আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লায় পাঠানো হয়েছে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) শফিউর রহমান ও নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থলে ছুটে যান। নবীনগর থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থল ঘুরে এসে বলেন, ‘সম্পত্তির বিরোধে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় এক পক্ষের আহত গোপাল ও রাশুকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’