নবীনগরে দুজন খুন, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গত শুক্রবার পৃথক ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার এক চালকসহ দুজন খুন হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভোলাচং গ্রামের কর্মকার পাড়া ও আযাম পাড়ার দুটি ছেলের মধ্যে কিছুদিন আগে ক্যারম খেলা নিয়ে বাগ্বিতণ্ডা হয়। এরই জের ধরে শুক্রবার আবার তর্কের একপর্যায়ে দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়৷ এতে কর্মকার পাড়ার দানেছ মিয়া (৬০) টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও চারজন।
এদিকে শুক্রবার সন্ধ্যায় সেলিমনগর গ্রামের একটি খালে অটোরিকশাচালক রাসেল মিয়ার (৩২) ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ রাসেলের লাশ উদ্ধার করে এবং লাশের কিছু দূরে পড়ে থাকা অটোরিকশাটিও থানায় নেয়৷ রাসেলের বাড়ি পাশের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বগলনগর গ্রামে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা প্রথম আলোকে জানান, দানেছের নিহত হওয়ার ঘটনায় ১৬ জনকে আসামি করে থানায় হত্যা মামলা হয়েছে। পরে ওই মামলার প্রধান আসামি সাত্তার মোল্লা ও এজাহারভুক্ত আসামি দানা মিয়াকে গ্রেপ্তার করা হয়। রাসেলের লাশ উদ্ধার করে মুরাদনগর থানায় পাঠানো হয়েছে।