ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রামে সুজিয়া বেগম (২৫) নামের এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যশোরে এক গৃহবধূর ওপর চালানো হয়েছে পাশবিক নির্যাতন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নবীনগরে সুজিয়া বেগমের পরিবার জানায়, প্রায় আট বছর আগে স্বামীর সঙ্গে সুজিয়া বেগমের বিবাহবিচ্ছেদ হয়। সেই থেকে তিনি বাবার বাড়ি শ্যামগ্রামেই থাকতেন। গত বুধবার সকালে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় বাড়ির পেছনে বাঁশঝাড়ের নিচে তাঁর লাশ পাওয়া যায়।
সুজিয়া বেগমের মা রেনু বেগম ও বড় বোন সাহারা বেগম অভিযোগ করেন, পাশের বাড্ডা গ্রামের মামুন মিয়া (৩৫) বেশ কিছুদিন ধরে সুজিয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। গত মঙ্গলবার রাত নয়টার দিকে মামুন মিয়া সুজিয়াকে ঘর থেকে ডেকে নিয়ে যান। এরপর সকালে তাঁর লাশ পাওয়া যায়।
সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মোহাম্মদ শফিউর রহমান ও নবীনগর থানার ওসি (তদন্ত) পেয়ার আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শফিউর রহমান জানান, এ ঘটনায় সুজিয়ার ভাই শিপন মিয়া বাদী হয়ে মামুনকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও সাত-আটজনকে আসামি করে মামলা করেছেন। মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার বলেন, সুজিয়াকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে কি না, তা ডাক্তারি পরীক্ষার আগে বলা যাচ্ছে না।
যশোরে পাশবিক নির্যাতন: যশোর জেনারেল হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন ওই গৃহবধূ। ঘটনার বর্ণনা দিয়ে তিনি গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া সেরে তিনি বিছানায় ঘুমাতে যান। এ সময় স্বামীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমি প্রকৃতির ডাকে বাইরে যাই। ফিরে এসে দেখি, বিছানার ওপরে কাঁচি (কাস্তে) রাখা রয়েছে। এরপর সে হঠাৎ আমার পেটের ওপর জোর করে বসে যৌনাঙ্গ ও পায়খানার পথ দিয়ে ভেতরে কাঁচি ঢুকিয়ে দেয়।’
হাসপাতালের জ্যেষ্ঠ কনসালটেন্ট (সার্জন) এন কে আলম বলেন, রোগীর গোপনাঙ্গে ধারালো অস্ত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেখানে মারাত্মকভাবে জখম হয়েছে। এখন পর্যন্ত একটি অস্ত্রোপচার করা হয়েছে। আরও দু-এক দিন না গেলে রোগীর অবস্থা সম্পর্কে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।
ভুক্তভোগী গৃহবধূর বাবা জানান, চার বছর আগে তাঁর মেয়ের বিয়ে হয়। দেড় বছর বয়সী একটি ছেলে রয়েছে তাঁর। যৌতুকের দাবিতে তাঁর জামাতা প্রায়ই মেয়েকে নির্যাতন করতেন। ঘটনার পর থেকে জামাতা পলাতক।
যশোর কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ জানান, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।