নবীনগরে ধর্ষণের শিকার কিশোরীকে অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ধর্ষণের শিকার এক কিশোরী অপহূত হয়েছেন। ওই কিশোরীর পরিবারের অভিযোগ, ধর্ষণের মামলায় অভিযোগপত্র দেওয়ায় আসামিরা প্রকাশ্যে কিশোরীকে অপহরণ করেছে।এ ব্যাপারে ওই কিশোরীর বাবা গত বুধবার রাতে নবীনগর থানায় অপহরণ মামলা করেছেন। তবে পুলিশ গতকাল শুক্রবার পর্যন্ত ওই কিশোরীকে উদ্ধার এবং কাউকে গ্রেপ্তার করতে পারেনি।অপহরণ মামলার এজাহারে বলা হয়েছে, নবীনগর পশ্চিম ইউনিয়নের বাবুল মিয়া (৩৫) তাঁর কয়েকজন বন্ধুর সহযোগিতায় গত অক্টোবর মাসের শুরুতে নিজের মুদি দোকানে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ ঘটনায় ১৮ অক্টোবর নবীনগর থানায় ধর্ষণ মামলা করে ওই কিশোরী। সম্প্রতি পুলিশ মামলার অভিযোগপত্র দিলে আসামিরা ক্ষুব্ধ হয়ে কিশোরীর পরিবারকে হুমকি দিতে থাকে।এজাহারে বলা হয়, গত ২৩ জানুয়ারি বেলা ১১টার দিকে ওই কিশোরী ও তার মা নবীপুরে আসছিলেন। পথে জলারচক এলাকায় ধর্ষণ মামলার অভিযোগপত্রভুক্ত আসামি বাবুল মিয়া তাঁর সহযোগীসহ অস্ত্র দেখিয়ে ওই কিশোরীকে স্পিডবোটে করে তুলে নিয়ে যান।কিশোরীকে ধর্ষণ ও অপহরণ মামলাটি তদন্ত করছেন নবীনগর থানার উপপরিদর্শক মো. শফিকুল ইসলাম। গতকাল শুক্রবার বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, ধর্ষণ মামলায় কিছুদিন আগে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ওই কিশোরীকে অপহরণের অভিযোগে বাবুল মিয়াকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার ও মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে।